ময়মনসিংহে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী রাশেদুজ্জামান লিয়ন (১৪) হত্যার ঘটনায় র্যাবের অভিযানে প্রধান আসামি সোহানুর রহমান সোহান গ্রেফতার হয়েছে বলে জানা যায়। র্যাব ১৪ এর একটি দল এ হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহানুর রহমান সোহান (১৫) কে দিঘারকান্দা থেকে গ্রেফতার করে। বুধবার দুপুরে র্যাব-১৪ এর সদস্য লে. কর্নেল শরিফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ খবর জানান।
সেইসঙ্গে অপর এক পুলিশি অভিযানে একই ঘটনায় জড়িত অপর আসামি ও সহপাঠী সাকিবুল হাসানও গ্রেফতার হয়। এ ঘটনায় আরও ২ জন পলাতক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়।
র্যাব কর্মকর্তা শরিফুল জানান, সামান্য বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আটক সোহান নিহত রাশেদুজ্জামান লিয়নকে স্কুল গেইটের সামনে থেকে একটি চায়ের দোকানে ডেকে নিয়ে আসে। এ সময় সোহানের সঙ্গে নাঈম, সাকিবুল হাসান ও জয় নামে চার সহপাঠী ছিল। তাদের সঙ্গে আরও কয়েকজন মিলে কথা কাটাকাটির এ পর্যায়ে বেদম মারধর করে লিয়নকে। এক পর্যায়ে লিয়নকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে লিয়ন মারা যায়।
অপর দিকে মঙ্গলবার কোতোয়ালি থানা পুলিশ ত্রিশাল থেকে সাকিবুল হাসান নামে অপর এক আসামিকে গ্রেফতার করে।
এর আগে লিয়ন হত্যার ঘটনায় আটক দুই জনসহ পলাতক নাঈমও জয়কে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় নিহতের মা রাশেদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে কেওয়াটখালী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাশেদুজ্জামান লিয়নকে ছুরিকাঘাত করে সহপাঠীরা। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার প্রতিবাদে বুধবার সকালে লিয়নের সহপাঠীরা স্কুলের সামনে অটো ও ইজিবাইক ভাঙচুর করেছে বলে জানা যায়।
/এইচকে/








