এরশাদের জোটকে লোক দেখানো জোট মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,‘মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির জন্য তিনি জোট করেছেন। তিনি তো ক্ষমতাসীন দলের সঙ্গেই আছেন। নতুন জোট আওয়ামী লীগেরই একটি অংশ।’ সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলার হাজিরা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
এরশাদের রাজনৈতিক দৃঢ়তা ও আদর্শবোধ বলে কিছুই নেই মন্তব্য করে তিনি বলেন, ‘এরশাদের রাজনৈতিক ভূমিকা হচ্ছে সকালে এক রকম, বিকেলে আরেক রকম। গণতন্ত্র পুনঃউদ্ধারসহ জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি যে আন্দোলন করছে তার সঙ্গে এই জোটের কোনও সম্পর্ক নেই। এটা হচ্ছে আওয়ামী জোটেরই বি-টিম।’
সোমবার (৮ মে) ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের মিয়াবাজারে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় করা মামলার ধার্য তারিখ ছিল। এসময় রিজভীসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদসহ অন্য আসামিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমা হামলায় আটজন নিহত হন।
এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, রুহুল কবির রিজভী আহমেদ, সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ কেন্দ্রীয় বিএনপির ছয়জনকে হুকুমের আসামি এবং জামায়াত নেতা আবদুল্লাহ মো.তাহেরকে প্রধান করে ৫৬ জনকে আসামি করা হয়। চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে এ মামলাটি করেন।
/জেবি/
আরও পড়তে পারেন: পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদে মঙ্গলবার থেকে অভিযান








