জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন।
ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি স্কুলে মাঠে জমে উঠেছে নজরুল জন্মজয়ন্তি আর মেলা।একদিকে মেলা সংলগ্ন নজরুল মঞ্চে চলছে আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্য পাশে চলছে মেলা। নজরুল মঞ্চের দর্শকদের জন্য নির্ধারিত স্থান ও মেলা প্রাঙ্গণে নজরুল ভক্তদের পদচারণায় পা ফেলার জায়গা নেই।
গত কয়েকদিন ধরে সাজানো হয়েছে কবি নজরুলের বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠ। নানা স্থান থেকে মেলায় এসেছে কারুপণ্যের শত শত স্টল।এছাড়াও রয়েছে বাঁশের বাঁশি,নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী ও হরেক রকমের খাবার ছাড়াও মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগর দোলা,জাদু প্রদর্শনী ও ট্রেন জার্নিসহ বাহারি খেলনা। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই মেলা চলবে আগামী শনিবার চলার কথা থাকলেও এই মেয়াদ আরও বাড়বে বলে জানিয়েছে স্টল মালিকেরা। এবারে একাডেমি মাঠে বাড়তি আয়োজনের হিসেবে রয়েছে বই মেলা। বই মেলায় ২৪টি স্টল রয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি এবং নজরুল ইনস্টিটিউটের স্টলও রয়েছে।
প্রধান অতিথি ছাড়াও উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ত্রিশালের মেয়র এবিএম আনিসুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন প্রমুখ। এর আগে স্মারক বক্তব্য রাখেন নজরুল বিশেষজ্ঞ মুহম্মদ নুরুল হুদা।
নজরুল জন্ম জয়ন্তীর উৎসব উপলক্ষে দারোগা বাড়ি, বিচুতিয়া বেপারি বাড়িসহ নজরুল বিশ্ববিদ্যলয়েও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। তিন দিনের এ উৎসবে ৮০টি সংগঠনের ১২ শতাধিক শিল্পী ও কলাকুশলী অংশ নিয়েছেন বলে জানান সাংস্কৃতিক উৎসবের আহ্বায়ক অধ্যাপক আমির আহম্মদ চৌধুরী রতন।
/জেবি/
আরও পড়তে পারেন: পণ্যবাহী বিদেশি জাহাজে প্রাণ ফিরে পাচ্ছে মংলা বন্দর








