নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বেতাই নদী থেকে পল্লী চিকিৎসক কাজী মজিবুর রহমানের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরির্দশন করেছেন নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ঢাকাপাড়া গ্রামের পল্লী চিকিৎসক কাজী মজিবুর রহমান গত সোমবার রাতে জৈনপুর বাজার থেকে বাড়িতে আসার পথে নিখোঁজ হয়। ওইদিন রাতেই নিখোঁজ মজিবুর রহমানের স্ত্রী সালমা আক্তার মোহনগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী আনসারী জানান, সোমবার নিখোঁজের পর আজ সকালে বেতাই নদীতে কচুরিপানার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
তবে পুলিশ তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।







