বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘শেখ হাসিনা মমতাময়ী আর খালেদা জিয়া একজন মিথ্যাবাদী। আগামী নির্বাচনে জনগণ খালেদা জিয়ার এই মিথ্যাচারের জবাব দেবে।’ শুক্রবার সন্ধ্যায় জামালপুরে ‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ’-এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ইউরোপের মতো ধনী দেশ যেখানে একলাখ শরণার্থী আশ্রয় দিতে ভয় পেয়েছে, সেখানে শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে লাখ-লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন প্রয়োজন হলে খাবার ভাগ করে খাব, তবু রোহিঙ্গাদের আশ্রয় দেব।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া তিন মাস পর লন্ডন থেকে ঘুম ভেঙে এসে সহায়তার নামে লাখ লাখ টাকা অপচয় করে কক্সবাজারে গিয়ে বললেন, আমরা নাকি কিছুই করিনি। আসলে তিনি একজন মিথ্যাবাদী।’
শেখ হাসিনা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. আব্দুল ওয়াকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য আলহাজ রেজাউল করিম হীরা প্রমুখ।








