জামালপুরের ইসলামপুর সীমান্তবর্তী মেলান্দহ উপজেলায় ইটভাটার নৈশপ্রহরীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বীর হাতীজা গ্রামে জেকি ব্রিকস নামে একটি ইটভাটা থেকে নৈশপ্রহরী ঈমান আলীর (১৮) লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ঈমান আলী ইসলামপুর উপজেলার দরিয়াবাদ গ্রামের সোনাহারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতের কোনও এক সময় জেকি ব্রিকসে কর্মরত অবস্থায় নৈশপ্রহরী ঈমান আলীকে খুন করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজ করতে গিয়ে একটি টিনশেড ঘরে রক্তাক্ত অবস্থায় ঈমান আলীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মেলান্দহ ও ইসলামপুর থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে ঈমান আলীর গলাকাটা লাশ উদ্ধার করে।
এ সময় মেলান্দহ উপজেলার রুকনাই গ্রামের আ. মালেকের ছেলে রাজুসহ চার সন্দেহভাজনকে আটক করে পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।








