ময়মনসিংহ সদর উপজেলার কালিকাপুরে মুদির দোকান থেকে বিনামূল্যে বিতরণের সরকারি দেড় হাজার নতুন পাঠ্যবই উদ্ধার মামলায় আটক ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ সদরের ১ নম্বর আমলি আদালতের বিচারক মাকসুদুল হক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- দোকান মালিক ইসরাফিল, প্রভাতসেনা মডেল স্কুলের পরিচালক আল আমিন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম রতন ও সহকারী প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন।
এর আগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ফারুকুজ্জামান বাদী হয়ে ৪ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে । ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, রবিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের কালিকাপুরে বিনামূল্যে বিতরণের সরকারি বই অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ইসরাফিলের মুদি দোকানে অভিযান চালিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির দেড় হাজার নতুন বই উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক ইসরাফিল, প্রভাতসেনা মডেল স্কুলের পরিচালক আল আমিন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম রতন ও সহকারী প্রধান শিক্ষক সাদ্দাম হোসেনকে আটক করা হয়।








