ময়মনসিংহের ভালুকায় একটি ভবনে বিস্ফোরণের কারণ তদন্তে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের আট সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। রবিবার (২৫ মার্চ) দুপুরে তারা সেখানে পৌঁছেই কাজ শুরু করেন। তবে পুলিশের দাবি, গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান,বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছে। বিস্ফোরণের কারণ এবং হতাহতের ঘটনা তদন্তে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের আট সদস্যের একটি দল ভালুকায় এসেছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে কাজ শুরু করেছেন।
এদিকে রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়িতা শিল্পী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। এটি কোনও বোমা বিস্ফোরণ কিংবা জঙ্গি সংক্রান্ত ঘটনা নয়।’
অন্যদিকে, বিস্ফোরণে নিহত তৌহিদুল ইসলামের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত করা হয়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মোখলেছুর রহমান জানান, ভালুকা থানা পুলিশের হেফাজতে মৃতদেহ মর্গে আনা হলে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তৌহিদুলের পুরো শরীর পুড়ে গেছে। পুলিশের সুরতহাল রিপোর্টেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা লেখা আছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, ময়নাতদন্ত শেষে মৃতদেহ ভালুকা থানায় নিয়ে আসা হয়েছে। স্বজনরা আসলে মৃতদেহ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে বিস্ফোরণে ভালুকার মাস্টারবাড়ি এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে ছয় তলা ভবনের ৩য় তলার একটি কক্ষের পুরোটাই বিধ্বস্ত হয়। এ ঘটনায় একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহত তৌহিদের গ্রামের বাড়ি বগুড়ায়। দুর্ঘটনায় দগ্ধরা হলেন- সিরাজগঞ্জের শাহীন, নওগাঁর হাফিজ ও মাগুরার দীপ্ত সরকার। তাদেরকে ঢাকায় পাঠানো হয়। হতাহতরা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে সদ্য মাস্টার্স শেষ করে ভালুকা মাস্টারবাড়ি এলাকায় একটি টেক্সটাইল মিলে ইন্টার্নি করছিলেন। চলতি মাসেই তারা ৯ হাজার টাকায় ফ্ল্যাটটি ভাড়া নেন।
আরও খবর:
ভালুকায় ভবনে বিস্ফোরণ: নিহত ১, আহত ৩
গ্যাস সিলিন্ডার থেকেই ভালুকায় ভবনে বিস্ফোরণ, দাবি পুলিশের








