জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় গোয়াল ঘরে ঠাঁই বৃদ্ধা মায়ের

হানিফ উল্লাহ আকাশ, নেত্রকোনা
২৮ মে ২০১৮, ২০:৩০আপডেট : ২৮ মে ২০১৮, ২০:৩৩

জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় গোয়াল ঘরে ঠাঁই বৃদ্ধা মায়ের জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় বৃদ্ধা মাকে গোয়াল ঘরে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে গোয়াল ঘরে গরুর সঙ্গে রাখায় পোকা মাকড়ের কামড় ও দুর্গন্ধে কষ্টে দিন কাটাচ্ছেন ৮৫ বছর বয়সী ফসর বানু। এমন পৈশাচিক নির্যাতন সহ্য করতে না পেরে এখন মৃত্যুই কামনা করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়,বাবা আমজাদ আলীর মৃত্যুর পর ছোট ছেলে সবুজ দলিল দেখিয়ে মা ফসর বানুর অংশের জমি জোর করে দখল করে নেওয়ার চেষ্টা চালায়। এ ব্যাপারে চলতি বছরে ফসর বানু বাদী হয়ে দুর্গাপুর জজ আদালতে দলিল বাতিল চেয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর (৩৪/২০১৮)। বর্তমানে মামলাটি সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন।

ফসর বানুর ৮ সন্তানের মধ্যে সবাই বিয়ে করে সংসার করছে। কিন্তু সবুজ তার পৈতৃক ৬৬ শতাংশ জমি নিজের নামে করে নেওয়ার জন্য নানাভাবে চেষ্টা চালায়।

এরইমধ্যে ফসর বানুর মেয়ে গার্মেন্টকর্মী মিনা বাড়ি এলে তাকে ঘর বানিয়ে থাকতে বলেন তিনি। এরপর থেকেই শুরু হয় ফসর বানুর ওপর নির্যাতন। সম্প্রতি সবুজ তার স্ত্রীকে নিয়ে মায়ের বাড়িতে গিয়ে মিনার ঘর ভাঙচুর করে। পরে মা ফসর বানুকে ধরে এনে নিজের বাড়ির গোয়াল ঘরে আটকে নির্যাতন চালায় সবুজ।

নির্যাতনের শিকার ফসর বানু বলেন,‘ছেলে (সবুজ) জন্ম দিয়েছি, কিন্তু মানুষ বানাতে পারিনি।চেহারায় মানুষের আকৃতি থাকলেও ভেতরে পশুর চেয়ে নিকৃষ্ট, বর্বর। মৃত্যুর আগ মুহূর্তে এমন করুণ পরিণতির শিকার হতে হবে তা কল্পনাও করিনি। আমি ছেলেকে জমি রেজিস্ট্রি করে দেইনি বলে আমাকে মারধর করে ছেলে ও তার বৌ মিলে গরুর গোয়ালে আটকে রাখে আর নানাভাবে নিযার্তন চালায়। এ জীবন আর রাখতে চাই না। খোদা আমার মরণ দাও।’

ফসর বানুর মেয়ে মিনা বলেন, আমার বাবার মৃত্যুর পর থেকেই আমার ভাই সবুজ জমি আত্মসাতের চক্রান্ত করছে।৮ সন্তানের সবাই বাবার জমির মালিক, কিন্তু সে একাই ভোগ করার জন্য অবৈধ দলিল করে তা দখল করে রেখেছে। কিছু বলতে গেলেই আমার মা ও পরিবারের অন্যদেরকে সে নির্যাতন করে।

ভাইয়ের (সবুজ) এমন অমানুষিক অত্যাচার সহ্য করতে না পেরে সম্প্রতি কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

মিনা অভিযোগ করেন, তার ভাই সবুজ ও তার স্ত্রী সাহেদা মিলে তার মাকে গোয়াল ঘরে রেখে দফায় দফায় নির্যাতন করেছে। মায়ের নামে একটি বয়স্ক ভাতার কার্ড রয়েছে। ওই কার্ডের টাকাও উত্তোলন করে হাতিয়ে নেয় সে।
ফসর বানুর ৩ ছেলের মধ্যে হান্নান বাড়িতে থাকেন না। আরেক ছেলে দিন মজুর আক্কাস মায়ের খোঁজ রাখেন না। মেয়েরাও সবাই নিজ নিজ সংসারে ব্যস্ত। এই সুযোগে জমি আত্মসাতের জন্য মায়ের ওপর নির্যাতন চালায় সবুজ।

সম্প্রতি গত রবিবার (২৭ মে) মায়ের শরীরের বিভিন্ন স্থানে বেত দিয়ে আঘাত করে ছেলে সবুজ ও তার স্ত্রী। প্রতিবেশীরা বৃদ্ধা মাকে রক্ষা করতে এলে তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়।

প্রতিবেশী জরিনা বলেন, দীর্ঘদিন ধরে পাষণ্ড ছেলে সবুজ জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিজের মাকে মারধর করছে। রাতে গোয়াল ঘরে তালাবদ্ধ করে রাখে। সকালে তালা খুলে দেয়।

এ নির্যাতনের কথা শুধু জরিনাই নয়, গ্রামের অনেকেই জানেন। তারা এই ঘটনার বিচারের দাবি জানান।

জানতে চাইলে ইউপি সদস্য মঞ্জুরুল হক বলেন,‘বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবুজ এলাকার কোনও মানুষ তোয়াক্কা করছে না । ছেলে ও বৌ হাতের নির্যাতনের কথা এলাকার সবার মুখে মুখে।’

ফসর বানুর বড় ছেলে আব্দুল হান্নান বলেন, আমরা তিন ভাই, পাঁচ বোন। বসতবাড়িসহ ৬৬ শতাংশ পৈতৃক সম্পত্তি রয়েছে। তারমধ্যে ছোট ভাই সবুজ বিভিন্ন কৌশলে দলিল করে বাড়িসহ ৪২ শতাংশ ভূমি জোর করে দখল নেওয়ার চেষ্টা চালায়। এর প্রতিবাদ করতে গেলেই আমাদের অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে। সে এই জমি বাবার কাছ থেকে কিনে নিয়েছে বলে দাবি করছে।

এ বিষয়ে মোবাইলে অভিযুক্ত সবুজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি চক্র এমনটি করেছে।’

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা পারিবারিক ঘটনা, এছাড়া আর কিছুই না।ঘটনাটি একটি চক্রান্ত হতে পারে।’

বড়কাপন ইউনিয়নের চেয়ারম্যান হাদিস উদ্দিন বলেন,‘ সবুজ প্রায়ই তার বৃদ্ধা মাকে জমির জন্য মারধর করে। পৈতৃক জমি আত্মসাত করেছে সে। এ বিষয়ে অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মো. শিবলী সাদিক বলেন,‘খবরটি শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন,‘এটি একটি সামাজিক অবক্ষয়। কলমাকান্দা থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য।’

/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান