আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়ার ধানের শীষে চিটা ধরেছে, ওই ধান আর জনগণ খাবে না। ড. কামাল ও কাদের সিদ্দিকীরা সামান্য এমপি হওয়ার লোভে খুনি খালেদা জিয়ার সঙ্গে হাত মিলিয়েছেন। অথচ তারা বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। কামাল-রব-মান্নারা জাতীয় বেইমান, জনগণের কাছে ধরা খেয়েছে। তারা ঐক্যফ্রন্ট গঠন করে ক্ষমতায় আসতে চায়, সে সুযোগ দেওয়া হবে না। জনগণের ভোটে বিএনপি-জামায়াত সরকারের অত্যাচারের প্রতিশোধ নেওয়া হবে। উন্নয়ন কাজের কারণেই আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।’
শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর পোগলদিঘা কলেজ মাঠে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মুরাদ হাসানের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘খেলা শুরু হয়েছে। সেমিফাইনালে আপনারা হেরেছেন। সামনে ফাইনালেও আপনারা হারবেন। এ খেলায় আওয়ামী লীগ জিতবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে এসেছেন, এখান থেকে যেন পালিয়ে না যান। মেসি-রোনান্ডো খেলায় গোল মিস করে। কিন্তু শেখ হাসিনা নির্বাচনে গোল মিস করবেন না। ৩০ ডিসেম্বর নির্বাচনে শেখ হাসিনা হ্যাটট্রিক করবেন।’
তিনি বলেন, ‘সরিষাবাড়ীতে নৌকা ছিল না, নৌকা দিয়েছি। ভোট দিয়ে এর সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। মুরাদ আমার ছেলের মতো। তাই সে নির্বাচিত হলে এই সরিষাবাড়ীর উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। আপনারা মুরাদকে ভোট দিয়ে জয়ী করেন।’
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জেপির (মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাংলাদেশ গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক চিকিৎসক শাহাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-উর-রশিদ, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেনসহ আরও অনেকে।








