ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত হযরত আলী (৪৫) একজন মাদক ব্যবসায়ী। শুক্রবার রাত দেড়টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় হযরত আলী।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার রাত দেড়টার দিকে নান্দাইলের সাভার বাজার মোড় এলাকায় কতিপয় মাদক বিক্রেতা মাদক ভাগাভাগি করছে এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় হযরত আলীকে আটক করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ৩০০ গ্রাম হেরোইন, ২০০ পিস ইয়াবা, একটি পাইপগান ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে। হযরত আলীর বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।








