ময়মনসিংহ মহানগরীতে রেজাউল করিম রাসেল (৩৫) নামে এক ঠিকাদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ মে) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, সোমবার রাত আড়াইটার দিকে নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের চরহরিপুর থেকে ভাড়া বাসা মহানগরীর আমলাপাড়ায় আসার পথে মৃত্যুঞ্জয় স্কুল রোডে একদল দুর্বৃত্ত ঠিকাদার রেজাউলকে ছুরিকাঘাত করে চলে যায়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় রেজাউলকে উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ খুনিদের গ্রেফতারে পুলিশ তৎপর আছে বলে জানান ওসি।
রাসেলের বন্ধু কামরুল ইসলাম জানান, ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্ব থেকেই পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি করে হত্যার সঙ্গে জড়িত খুনিদের গ্রেফতার দাবি করেছেন তিনি।








