যমুনার পানি আবারও বৃদ্ধি পাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি গতকাল ছিল ৩৮ সে. মি.। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) ১৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী এ তথ্য জানান।
এদিকে বাড়িঘরে এখনও পানি থাকায় ঘরে ফিরতে পারছে না যমুনা তীরবর্তী এলাকার মানুষ। দুই সপ্তাহের বন্যায় কাজ না থাকায় চরম খাবার সংকটে পড়েছে দুর্গত এলাকার নিম্নআয়ের মানুষ। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ত্রাণ বিতরণ করলেও এখনও অনেকেই রয়েছে ত্রাণ সহায়তার বাইরে। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।








