ময়মনসিংহের ফুলপুরে বাসের চাপায় জায়েদ (৬) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার ইমাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়েদ শেরপুরের কালিবাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে এবং স্থানীয় এক মাদ্রাসার ছাত্র। আহতদের মধ্যে আবুল হোসেন (৫০), বেগম (৪৫), তামান্না (২৫) ও অজ্ঞাত একজনকে (২৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মুন্নী (৪) ও কাজল রেখা (২৫) নামের দুইজনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসব তথ্য নিশ্চিত করে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বেলা ১টার দিকে ফুলপুরের ইমাদপুর এলাকায় শেরপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস শেরপুরগামী একটি সিএসজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আর ঘটনাস্থলেই শিশু জায়েদ মারা যায়। এ ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত জায়েদের লাশ ফুলপুর থানা কমপ্লেক্সে রাখা হয়েছে।’








