ময়মনসিংহ সদরের দাপুনিয়া মধ্যপাড়া এলাকায় চালক মোশাররফ হোসেনকে (৩২) হত্যা করে সিএনজি অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার সময় এই ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার শাকের আহমেদ জানান, সোমবার রাতে ময়মনসিংহ সদরের ঘাগরা গ্রামের বাসিন্দা মোশাররফ সিএনজি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। দাপুনিয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, মোশাররফের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর কথা জানান তিনি।








