শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা-ভাবনা করে কাজ করেন বলে মন্তব্য করেছেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। বৃহস্পতিবার (২ জানুয়ারি) নেত্রকোনায় সমাজসেবা অধিদফতর ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২০ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে। সবসময় তাদের কল্যাণে কাজ করে। ভবিষ্যতেও করবে।’
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ।
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী ৯৬ জন দরিদ্র মানুষের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও নৃ-গোষ্ঠীর দরিদ্রদের মাঝে মোট ১০ লাখ ৭ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করেন।
এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রায় যোগ দেন মন্ত্রী। শোভাযাত্রাটি শহরের মোক্তারপাড়া মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।








