মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় পেয়ে আমরা নেত্রকোনাবাসী অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।’ শনিবার (৪ ডিসেম্বর) নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন। বাংলাদেশ আজ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সকলেরই দেশরত্ন শেখ হাসিনার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ে দেশের সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবেন। তাই দেশের অবহেলিত জনগোষ্ঠীর কথা ভেবে তাদের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়নের জন্য প্রান্তিক পর্যায়ে কাজ করছেন।’
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকউল্লাহ খানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম এবং আরও অনেকে।
এই সময় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কলা, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত বাংলা, ইংরেজি, অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথমবর্ষের (স্নাতক) ১২০ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের চেক বিতরণ করেন।








