ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী শফিকুল ইসলাম শাহিন পলাতক রয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর খাগডহর ফকিরবাড়িতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শফিকুল ইসলাম শাহিন তার স্ত্রী রুমা আক্তার (৩৮) ও ছোট মেয়ে নাফিয়া আক্তারকে (১২) নিজ ঘরে শ্বাসরোরে হত্যা করে। এ সময় তাদের বড় মেয়ে লাবণ্য বিষয়টি দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাহিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুই জনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহত লাবণ্যকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মাহমুদুল জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পলাতক শাহিনকে আটকের চেষ্টা চলছে।
বড় মেয়ে লাবণ্য বলেন, ‘বিকালে বাবা ফোন করে বাড়িতে আসতে বলেন। সন্ধ্যার পর বাড়িতে এসে দেখি ঘরে কেউ নেই। হঠাৎ বাবা আমার ওপর হামলা করলে আমি পালানোর চেষ্টা করি।’
প্রতিবেশী আব্দুর রাজ্জাক বলেন, ‘তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কখনও আমরা দ্বন্দ্ব দেখিনি। তবে এভাবে হত্যাকাণ্ড ঘটাবে এটা বিশ্বাস করা যাচ্ছে না।’
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।








