জামালপুরে আরও পাঁচ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪০৮ জনের নমুনা পরীক্ষায় ২১ জন করোনা আক্রান্ত পাওয়া গেলো। এদের মধ্যে নমুনা পরীক্ষার আগেই করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়। মেলান্দহ স্বাস্থ্য ও পরবিার পরকিল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক এসব তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার (১৭ এপ্রিল) নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন জামালপুর জেনারেল হাসপাতালের একজন অফিস সহায়ক (৪০) ও একজন ওয়ার্ড বয় (৩৮)। এছাড়া মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার বাসিন্দা পূর্বে আক্রান্ত এক আয়ার স্বামী (৩৫) ও শাশুড়ি (৫৫) এবং মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা এক যুবক (২৫)। এই যুবক গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে পিতামাতাকে নিয়ে মাহমুদপুর ইউনয়িনের আদবাড়িয়ায় নিজ গ্রামে ফেরেন।
এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, জেলায় মোট ৭টি উপজেলার ৪৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫ জনের করোনাভাইরাস আক্রান্তের তথ্য পাওয়া গছে। এ নিয়ে জেলায় ৪০৮ জনের পরীক্ষার ২১ জন করোনা সংক্রমিতের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে নমুনা পরীক্ষার আগেই দুই নারী মারা গেছেন। একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অবশিষ্ট আক্রান্তদের জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের বাড়িসহ এলাকায় লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তবে আইসোলেশনে রাখা প্রথমদিকের ৫ রোগীকে সেবা দেওয়ার পর তাদের প্রথম নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। পরবর্তী পরীক্ষায়ও যদি নেগেটিভ আসে, তবে তাদের ছাড়পত্র দেওয়া হবে।








