ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে হাসপাতালের ৬ চিকিৎসক, নার্স ও কর্মচারী মিলে মোট ১৯ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) পরীক্ষা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।
তিনি জানান, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নমুনার মধ্যে শুক্রবার মাইক্রোবায়োলজি বিভাগে ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ২৪ জন পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৬ জন চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ ১৯ জন, মুক্তাগাছা উপজেলার একজন এবং জামালপুর জেলার চার ব্যক্তির নমুনা পজিটিভ শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় ৮৮ ব্যক্তি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।








