জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে এবং বেলগাছা ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে: যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
জানা গেছে, নোয়ারপাড়া ইউপির উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সুরুজ্জামান নৌকা প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল মোটরসাইকেল প্রতীকে, বিএনপি সমর্থিত প্রার্থী মো. মনির আহমেদ ধানের শীষ প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মো. মাহাবুব রহমান টেলিফোন প্রতীকে এবং শাহজামাল বদি আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে এসআই ও ১৫ জন করে পুলিশ সদস্য, ১৭ জন করে আনসার সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম এবং একটি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে।
ইসলামপুর উপজেলা নির্বাচনি কর্মকর্তা হোসনে আরা জানান, নোয়ারপাড়া ইউনিয়নে ৯টি ভোটকেন্দ্রে ৭১টি কক্ষে ২০ হাজার ৯৯৭ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৪৪ জন এবং নারী ভোটার ১০ হাজার ১৩২ জন। এছাড়া বেলগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক হাজার ৭৩০ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০৬ জন এবং নারী ভোটার ৮২৪ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ নভেম্বর নোয়ারপাড়া ইউনিয়েনের নৌকা প্রতীকের চেয়ারম্যান গোলাম মোস্তফার মৃত্যু এবং ৩ ডিসেম্বর আলী হোসেন মেম্বার বন্ধুকযুদ্ধে নিহত হওয়ার পর পদ দুটি শূন্য হয়।








