জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কম্পিউটারের হার্ডডিক্স, স্ক্যানার ও প্রিন্টারসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের একাধিক জাল সনদ, ভুয়া জাতীয় পরিচয়পত্র, যুব উন্নয়নের জাল সনদ, জাল জন্ম সনদসহ এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২০ ডিসেম্বর) রাতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা উপজেলার বালিজুড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়।
ওই প্রতারকের নাম মো. হযরত আলী (২৭)। সে মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ চরপাকেরদহ গ্রামের মো. কিসমত আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জানায়, র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল রবিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় বালিজুড়ি হাই স্কুল মোড় সড়কে সুমাইয়া ডিজিটাল কালার ল্যাব অ্যান্ড ইন্টারনেটের দোকানের ভেতর থেকে প্রতারক মো. হযরত আলীকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে জব্দকৃত আলামত একটি সিপিইউ হার্ডডিক্সসহ, একটি করে স্ক্যানার ও প্রিন্টার, ৯টি এসএসসির জাল সার্টিফিকেট, ৩টি যুব উন্নয়নের জাল সার্টফিকেট, ৪টি জাল জাতীয় পরিচয়পত্র, ২টি কওমী মাদ্রাসার জাল সার্টিফিকেট প্রভৃতি উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।








