ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় জন করোনা পজিটিভসহ ১৭ রোগী মারা গেছেন। করোনা পজিটিভ রোগীদের মধ্যে শেরপুরের তিন জন, ময়মনসিংহের দুই ও জামালপুরের একজন রোগী রয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের আট জন, জামালপুরের দুই ও নেত্রকোনার এক রোগী মারা গেছেন।
এরআগে গত ৮ জুলাই হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ ১৭ রোগীর মৃত্যু হয়।
১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪১৬ জন। এরমধ্যে আইসিউতে চিকিৎসা নিচ্ছেন ২১ রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১০ হাজার ১৪৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৫৬৩ জন।









