ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় পাঁচ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। শনিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আব্দুল হান্নান (৪৫) নামে একজনের নাম পাওয়া গেছে। বাকি চার জনের নাম-পরিচয় জানা যায়নি।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মনিম সারোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আহতদের উদ্ধার করে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মনিম সারোয়ার আরও বলেন, রাত সাড়ে ৮টার দিকে দুটি চাকা পাংচার হয়ে বৈলর বড়পুকুরপাড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সিমেন্টবোঝাই একটি ট্রাক। ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের বাস ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে পাঁচ জন নিহত এবং ২০ আহত হন। হতাহতরা বাসের যাত্রী। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গুরুতর আহত ১৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন।
নিহত আব্দুল হান্নানের স্ত্রী লাকি আক্তার জানান, তার স্বামী ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত। তিনি ভালুকায় কাজে গিয়েছিলেন। ভালুকা থেকে ইমাম পরিবহনের বাসে ফিরছিলেন।









