ময়মনসিংহে চলন্ত বাসে ট্রাকের চাপায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক হাসান মোরশেদ আলীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে ফুলপুর উপজেলার বাশাটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
উন্নত চিকিৎসার জন্য হাসান মোরশেদকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সহকারী অধ্যাপক। শেরপুর শহরের চকপাঠক এলাকার আব্দুল মতিনের ছেলে হাসান মোরশেদ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়মনসিংহ থেকে আদিল পরিবহনের বাসে গ্রামের বাড়ি শেরপুরে যাচ্ছিলেন হাসান মোরশেদ। তার ডান হাতটি জানালার বাইরে ছিল। রাত ৮টার দিকে শেরপুর থেকে দ্রুতগামী ট্রাকের সঙ্গে চাপা লেগে হাতটি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে পড়ে যায়। পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে বাসচালক পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়। হাতের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে তার সঙ্গে পাঠানো হয়েছে।
বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, রাতেই অধ্যাপক হাসান মোর্শেদকে ঢাকায় পাঠানো হয়েছে। তার হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিন্তু বিচ্ছিন্ন হাতের অংশটি সংযুক্ত করা সম্ভব হয়নি।









