জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনকে সামনে রেখে নিলাখিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র পরিবর্তন বা নতুন করে অতিরিক্ত কেন্দ্র স্থাপনের দাবি উঠেছে। এ দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বকশীগঞ্জ-জামালপুর সড়কের বাঁশকান্দা নূরগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী লালু, সোহেল মিয়া, মহিজল মন্ডল, রায়হান মিয়া, জাহাঙ্গীর মন্ডল, শামসুদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে ৯ নম্বর ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয়রা বলেন, বিভিন্ন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের দাড়িয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এই ওয়ার্ডের ৯টি গ্রামের প্রায় পাঁচ হাজার ভোটার ওই কেন্দ্রে ভোট দেন। তবে নতুন বাঁশকান্দা, পুরাতন বাঁশকান্দা, মির্ধাপাড়া ও ভাটিয়াপাড়া গ্রাম থেকে ওই কেন্দ্রটি তিন কিলোমিটার দূূরে। এ কারণে ভোটারদের চরম দুভোর্গ পোহাতে হয়। এছাড়া ভোটকেন্দ্রের আশপাশের প্রভাবশালীরা প্রতিবারই বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ করেন তারা।
এ অবস্থায় জানকিপুর বাঁশকান্দা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটকেন্দ্র বা অতিরিক্ত কেন্দ্র স্থাপনের দাবি জানান আন্দোলনকারীরা।
জামালপুর জেলা নিবার্চন কর্মকর্তা বরাবর এ বিষয়ে লিখিত আবেদন করা হয়ে বলে জানান স্থানীয়রা।









