জামালপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে সদরের নারিকেলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অটোরিকশার যাত্রী আবুল কালাম আজাদ (৪৫) ও মিন্টু (২৮)। আবুল কালাম মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের ওসমান গনীর ছেলে এবং মিন্টু সদরের ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। আহত হয়েছেন আব্দুস সাত্তার (৭৫) ও মোশারফ (১৭)। তারাও অটোরিকশার যাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে জামালপুরের মেলান্দহ থেকে টাঙ্গাইলগামী একটি সিএনজি নারিকেলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আবুল কালাম ও মিন্টু মারা যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।









