বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা বিমল পাল (৬৯) পদযাত্রায় করে মাত্র ১২ ঘণ্টায় ৫০ কিলোমিটার হেঁটেছেন। ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট শহীদ মিনার থেকে শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর ৪টা থেকে পদযাত্রা শুরু করে বিকাল ৪টার সময় ১২ ঘণ্টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আসেন তিনি।
এর আগে সকাল ১০টায় ফুলপুর উপজেলা সদরে, দুপুর ১২টায় তারাকান্দায় এবং বিকাল ৩টায় ব্রহ্মপুত্র ব্রিজ সংলগ্ন জয়বাংলা চত্বরে হেঁটে আসেন। পথে পথে মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা বিমল পাল জানান, মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং অসাম্প্রদায়িক দেশ গড়ার বার্তা নিয়ে তিনি এ পদযাত্রার পরিকল্পনা করেন। এরপর নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ঘোষণা দেন। এই পদযাত্রায় ময়মনসিংহ চেম্বার নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা তার পাশে দাঁড়ান। তিনি হালুয়াঘাটে তেলিখালি যুদ্ধে অংশ নেন বলে হাঁটার জন্য ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা হালুয়াঘাটকে বেছে নিয়েছেন। এই পদযাত্রার জন্য মুক্তিযোদ্ধা বিমল প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা হাঁটার চর্চা করেন।
মুক্তিযোদ্ধা বিমল পালের ৫০ কিলোমিটার হাঁটার ঘোষণায় ময়মনসিংহের তরুণ স্বেচ্ছাসেবীদের ব্যাপক সাড়া পড়েছে। বিমল পালের সঙ্গে হাঁটার জন্য একটি সমন্বয় কমিটি করা হয়েছিল।
বিমল পালের এ ধরনের উদ্যোগে খুশি স্থানীয় মুক্তিযোদ্ধারা। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রব জানান, বিমল পালের ৫০ কিলোমিাটর হাঁটার বিষয়টি মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে। এ ধরনের উদ্যোগে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে।









