‘আমি চাই সৎ ও যোগ্য লোক জনপ্রতিনিধি নির্বাচিত হোক। ঘরে বিছানায় পড়ে থাকা প্রতিবন্ধী হয়েও ভ্যান ভাড়া করে ভোট দিতে আইছি। আমি চাই, আমার ভোটটা যেন কামে লাগে।’
কথাগুলো বলছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ইয়াছিন আরাফাত সবুজ। রবিবার (২৬ ডিসেম্বর) সকালে ঝাউগাই আলিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্যানে করে ভোট দিতে আসেন তিনি।
সবুজ জানান, দীর্ঘ পাঁচ বছর পর ইউনিয়ন পরিষদ নির্বাচন আশায় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বিছানায় শুয়ে শুয়ে মাইকে নির্বাচনি প্রচারণা শুনেছেন। সুস্থ থাকলে হয়তো আরও আনন্দে নির্বাচনি কাজে অংশ নিতে পারতেন।
তিনি বলেন, ‘২০০২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলাম। হঠাৎ প্যারালাইসিস হয়ে কোমরের নিচ পর্যন্ত অবশ হয়ে যায়। অসুস্থতার কারণে এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি। এরপর চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু কোনও কাজে হয়নি। সেই থেকে বিছানায় শুয়ে কাটছে।’
সবুজ চান, যোগ্য ব্যক্তি নির্বাচনে জিতে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং তাদের সাহায্য সহযোগিতা করবে।
ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলার ২০ ইউনিয়নে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকি ১৬টিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।









