পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁওয়ের ২৬টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনে ৭৫ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৮৭২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার নারী-পুরুষ মিলে ভোটার রয়েছে পাঁচ লাখ ৯০ হাজার ৯৯৪ জন।
নান্দাইল উপজেলায় ১১ টি ইউনিয়নে ৬৪ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৩৯৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১০ টি কেন্দ্রে ৭০৪ টি ভোট কক্ষে দুই লাখ ৬৪ হাজার ৪১৬ জন ভোটার ভোট দিয়ে নির্বাচিত করবেন জনপ্রতিনিধি।
উপজেলা গফরগাঁওয়ে ১৫ টি ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৪৭৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪৬ টি কেন্দ্রে ৮৮৪ টি ভোট কক্ষে তিন লাখ ২৬ হাজার ৫৭৮ জন ভোটার নির্বাচিত করবেন জনপ্রতিনিধি।
এর আগে ১৫ টি ইউনিয়নের মধ্যে ১১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ওই ১১টিতে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন হচ্ছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে রয়েছে আনসার-পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স।
জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান সারোয়ার জাহান জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।









