ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহ জেলার ভালুকা এবং ফুলপুর উপজেলার ২১ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ১৫, স্বতন্ত্র বিএনপিদলীয় চার এবং স্বতন্ত্র দুই জন বিজয়ী হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।
ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ১০ এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিজয়ী হলেন উথুরা ইউনিয়নে নুরুল ইসলাম, মেদুয়ারীতে জেসমিন নাহার রানী, ভরাডুবায় শাহ আলম তালুকদার, ধীতপুরে লুৎফর রহমান খান, ভালুকা সদর ইউনিয়নে শিহাব আমিন খান, মল্লিকবাড়িতে আকরাম হোসাইন, ডাকাতিয়ায় হারুনুর রশিদ, কাচিনায় মুশফিকুর রহমান লিটন, হবিরবাড়িতে তোফায়েল আহমেদ বাচ্চু, রাজৈ ইউনিয়নে নুরুল ইসলাম বাদশা। এ ছাড়া বিরুনিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, ফুলপুর উপজেলায় ১০ ইউনিয়নে নৌকা প্রতীকের পাঁচ, বিএনপিদলীয় চার এবং একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে নির্বাচিত হলেন—ছনধরা ইউনিয়নে আবুল কালাম আজাদ, ভাইটকান্দিতে আলাল উদ্দিন, সিংহেশ্বর ইউনিয়নে শাহ আলী, রুপশীতে শাহ সুলতান ও বালিয়া ইউনিয়নে দেলোয়ার মুজাহিদ সরকার। বিএনপিদলীয় স্বতন্ত্র নির্বাচিতরা হলেন—রামভদ্রপুরে রোকনুজ্জামান, পয়ারীতে মফিজুল ইসলাম, রহিমগঞ্জে আকরাম হোসেন চৌধুরী পান্না ও বওলা ইউনিয়নে মাহবুব আলম ডালিম এবং ফুলপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী রেজাউল হক ফকির নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান সারোয়ার জাহান বলেন, দুই উপজেলায় ২১ ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।









