জামালপুরে হত্যাকাণ্ডের ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জলিলকে (৭২) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪।
আব্দুল জলিলের বাড়ি মেলান্দহ উপজেলার কাংগালকুর্শা গ্রামে। দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০০ সালের ১৯ মে জামালপুরের কাংগালকুর্শা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই আসর উদ্দিনকে কুপিয়ে আহত করেন আব্দুল জলিল। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসর উদ্দিন মারা যান।
এ ঘটনায় জামালপুর সদর থানায় হত্যা মামলা হয়। হত্যার পর প্রায় ২২ বছর ধরে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন আব্দুল জলিল। ২০১৮ সালের ৮ আগস্ট তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন জামালপুরের বিশেষ দায়রা জজ জহুরুল কবির। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র্যাবের একটি আভিযানিক দল মাদারগঞ্জের হাটমাগুরা এলাকা থেকে ভোরে আব্দুল জলিলকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আজই মেলান্দহ থানায় হস্তান্তর করা হবে।









