ময়মনসিংহ নগরীতে মাদক নিারময় কেন্দ্রে গত দুই সপ্তাহে দুই রোগীর মৃত্যু হয়েছে। এর জের ধরে মঙ্গলবার (১৫ মার্চ) রাতে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় মোয়াজ্জেম হোসেন স্বপনের অবৈধভাবে পরিচালিত শপথ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সিলগালা করে দিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অভিযান চালিয়ে তা সিলগালা করে দেন। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক খোরশিদুল আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রে চিকিৎসাধীন সাত রোগীকে অন্য নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
প্রসঙ্গত, গত ২ মার্চ শপথ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ছাদ থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়। পরে সোমবার সানকিপাড়ার প্রাপ্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।









