আর্থিক সুবিধা নিয়ে ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারের জিলাপি পট্টি সড়কের ফুটপাত লিজ দেওয়ার অভিযোগে সিটি করপোরেশনের বাজার পরিদর্শক খন্দকার জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে বাজার পরিদর্শক হিসেবে মো. চান মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে আর্থিক সুবিধা নিয়ে বাজারের ফুটপাত লিজ দেন জাহাঙ্গীর আলম। এই নিয়ে বাংলা ট্রিবিউনে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর সিটি করপোরেশন জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশন সহকারী সচিব মো. আমিনুল ইসলাম জাহাঙ্গীর জানান, ফুটপাত লিজ দেওয়ার নামে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত কাজ চলমান থাকায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।









