ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া সড়কে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে বালিপাড়া থেকে ছেড়ে আসা শালবন পরিবহনের একটি বাস বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে ত্রিশাল থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারান। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ত্রিশাল থানার এসআই নাজমুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু'জনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ এবং অপর জন নারী। তাদের পরিচয় অনুসন্ধানে কাজ চলছে। বাসচালককে আটক করা যায়নি বলে জানান তিনি।









