নানা আয়োজনে নেত্রকোনায় বিশিষ্ঠ শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক যতীন সরকারের ৮৭তম জন্মদিন পালিত হয়েছে। কবিতা, গান ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন অধ্যাপক যতীন সরকার।
জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় তার নিজ বাসভবনে সন্ধ্যায় যতীন সরকার জন্মদিন উদযাপন পরিষদের আয়োজনে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি দেখা যায়। শুভেচ্ছা জানাতে ময়মনসিংহ থেকেও তার অনেক ভক্তরা এসে উপস্থিত হন।
পরে বিভিন্ন সংগঠনের সদস্যরা যতীন সরকারে জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এছাড়া ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
যতীন সরকারের জন্ম ১৯৩৬ সালের ১৮ আগস্ট। বাংলাদেশের একজন প্রগতিবাদী চিন্তাবিদ ও লেখক হিসেবে অধিক পরিচিত। তার প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় অর্ধ শতাধিক। তিনি ২০০৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১০ সালে স্বাধীনতা পদক লাভ করেন।









