জামালপুরে প্রতিপক্ষের ঘরের পেছনে ২০ বোতল ফেনসিডিল রেখে পুলিশে খবর দেওয়া ইসরাফিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের বৈঞ্চমপাড়া গ্রামের রজব আলীর ছেলে মোর্শেদকে ফাঁসাতে তার ঘরের পেছনে ফেনসিডিল রেখে পুলিশে খবর দেন ইসরাফিল। মোর্শেদ বৈঞ্চমপাড়া জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যার দিকে কয়েকবার মোর্শেদের বাড়ির পেছনে ঘুরতে দেখা যায় ইসরাফিলকে। রাতের যেকোনও সময় ঘরের পেছনে ২০ বোতল ফেনসিডিল রাখেন। পরে কল দিয়ে বিষয়টি জানান। পুলিশ এসে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আটক করা হয় মোর্শেদকে। পরে স্থানীয়দের প্রচণ্ড বাধার মুখে পুলিশ মূল রহস্যের সন্ধানে নেমে পড়েন।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, নিবিড় পর্যবেক্ষণ ও স্থানীয়দের সাক্ষ্য প্রমাণে জানা যায়, তথ্যদাতা পার্শ্ববর্তী শ্রীবরদী মেঘাদল গ্রামের আব্দুল জলিলের ছেলে ইসরাফিলের সঙ্গে বৈঞ্চমপাড়া গ্রামের রজব আলীর ছেলে মোর্শেদের বিরোধ চলছে। এরপর আটক করা হয় তথ্যদাতাকে। ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিকে ফাঁসানোর কথা শিকার করেন। পরে মোর্শেদকে ছেড়ে দিয়ে ইসরাফিলের নামে মাদক আইনে মামলা হয়।
প্রসঙ্গত, ইসরাফিল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় তিনটি ও বকশীগঞ্জ থানায় একটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।









