ছেলের নেওয়া সুদের টাকার দাবিতে এক বৃদ্ধের বসতঘরে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় এক দাদন ব্যবসায়ী। এমনকি ঘরে থাকা জিনিসপত্র লুট করে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দীঘা গ্রামে।
জানা যায়, দীঘা গ্রামের কাঠ মিস্ত্রি কামেক্ষা সূত্রধরের (৬০) ছেলে দীপক একই গ্রামের দাদন ব্যবসায়ী হিসেবে পরিচিত আনছারুল ইসলামের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেয়। পরে এই টাকা সুদে হয় ৬০ হাজার টাকা। সুদের টাকা পরিশোধের ভয়ে বাড়ি ছাড়া দীপক সূত্রধর। শনিবার দুপুরে সুদের টাকা আদায়ের দাবিতে দীপকের বাবা কামেক্ষার বসতঘর থেকে তার পরিবারের লোকজনকে বের করে দেয়। এসময় কামেক্ষা সূত্রধরের ঘরে থাকা জিনিসপত্র লুট নিয়ে যায় দাদন ব্যবসায়ী আনছারুল ও তার লোকজন। পরে বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।দাদন ব্যবসায়ী আনছারুল রাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেরামত আলীর ভাতিজা। অসহায় কাঠ মিস্ত্রি কামেক্ষা সূত্রধর মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, তার ছেলের কাছে পাওনা সুদের টাকার দাবিতে আনছারুল ও তার সাথে থাকা লোকজন বসতঘরে তালা দিয়েছে। বর্তমানে পরিবারের লোকজন নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে তাকে। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি পরিবার নিয়ে এখানে বসবাস করে আসেছেন।
এ প্রসঙ্গে মুঠোফোনে দাদন ব্যবসায়ী আনছারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, কামেক্ষার ছেলের কাছে কিছু টাকা পাই। তবে কামেক্ষা সূত্রধরের ঘরে তালা দেওয়া ও জিনিসপত্র লুট করার অভিযোগ অসত্য বলে দাবি করেন তিনি।
/এইউএস/এমপি/এমএসএম/








