জামালপুরের বকশিগঞ্জে গরু চুরির মামলায় শাহজাহান ওরফে সোনা মিয়া নামে এক মাদ্রাসা কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে জেলার ইসলামপুর উপজেলার পৌর শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাত খান এ তথ্য জানান।
সোনা মিয়া ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহল গিরি গ্রামের হাসর উদ্দিন ফকিরের ছেলে। তিনি ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার করণিক পদে কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১১ নভেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোয়াজ্জেম হোসেন বসাকের একটি গাভি ও বকনা বাছুর চুরি হয়। এ ঘটনায় ওই ইউপি সদস্যের স্ত্রী নয়ন তারা বেগম বাদী হয়ে ১৫ নভেম্বর বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে ১২ ডিসেম্বর ইসলামপুরের ডেঙ্গারগড় বানিয়াবাড়ী এলাকার হাফিজুর রহমানের (৪৮) বাড়ি থেকে একটি গাভী ও সদ্য জন্ম নেওয়া বাছুর উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় হাফিজুর রহমানকে।
ওসি বলেন, ‘হাফিজুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সময় চুরির সঙ্গে সোনা মিয়ার সম্পৃক্ততার কথা জানায়। পরে সোনা মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।’









