ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বিকালে তালা দেওয়ার ঘটনাটি ঘটে।
স্থানীয়দের দাবি, ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতাকর্মীরা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় কার্যালয়ের দ্বিতীয় তলায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে সিটি করপোরেশনের সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে লোকজন এসে সিটি করপোরেশনে প্রবেশ করেন। পরে তারা কর্মচারী-কর্মকর্তাদের বের হয়ে যেতে বলেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা কয়েকজনের কাছে লাঞ্ছিত হন। আমাকেও লাঞ্ছিত করতে চাইলে অন্য সহকর্মীরা এসে রক্ষা করেন। পরে তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে চলে যান। তবে কারা ঘটনা ঘটিয়েছেন তিনি তাদের চিনতে পারেননি।
এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে আমাদের কোনও দলীয় লোকজন সেখানে যায়নি। সেখানে ছাত্র-জনতা গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।
এ বিষয়ে জানতে নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সাথে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।








