ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির সিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ রুটে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্র ও সিএনজি অটোরিকশাকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ওসি মনসুরুল আলম জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের বাস ত্রিশালের কাজী হোসেন লাইভ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্র ও সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। এ সময় বাসটি উল্টে যায় এবং চালক পালিয়ে যায়। ঘটনাস্থলে সিএনজি অটোরিকশায় থাকা অজ্ঞাত দুই পুরুষ মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাস উদ্ধার করা হয়েছে।









