ওষুধ কিনতে সমস্যা, এক মাকে ১০০০ টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ২২:৩৩ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ২২:৩৩

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যমজ সন্তানের জন্ম দিয়েছেন শিউলি আক্তার নামের এক নারী। সন্তান জন্মের পর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন এমনকি গ্লাভসও কিনতে হয়েছে তাকে। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল পরিদর্শনে গেলে তার কাছে এ অভিযোগ করেন শিউলি আক্তার। এ সময় দুঃখ প্রকাশ করে মন্ত্রী স্যালাইন কেনার জন্য শিউলির হাতে এক হাজার টাকা দেন।

শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ঝটিকা পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।

শিউলি আক্তার ময়মনসিংহ সদর উপজেলার শিকারিকান্দা গ্রামের বাসিন্দা। তিনি জানান, গতকাল হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচারে তার যমজ ছেলে হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রয়োজনীয় সব ওষুধ নিজেদের টাকায় কিনতে হয়েছে। সরকারিভাবে কোনও ওষুধ পাননি। এমনকি গ্লাভসও কিনতে হয়েছে তাকে। মন্ত্রীকে বলার পর স্যালাইন কেনার জন্য এক হাজার টাকা তাকে দেওয়া হয়েছে। এতে তিনি খুশি। তবে হাসপাতালের সেবা আরও উন্নত করার পাশাপাশি সব রোগী যেন যথাযথ চিকিৎসা পান, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।

এর আগে সকাল থেকে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ জন চিকিৎসককে অনুপস্থিত পেয়ে তাদের এক দিনের বেতন কাটার নির্দেশ দেন তিনি।

বেলা ১১টা ৫২ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে প্রথমে হাসপাতালের নতুন ভবনে গত ১৪ সেপ্টেম্বর অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন মন্ত্রী। পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনের কক্ষে গিয়ে চিকিৎসকদের ডিজিটাল ও ম্যানুয়াল হাজিরা খতিয়ে দেখেন। এ সময় নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়া এবং বিনা কারণে অনুপস্থিত থাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরে হাসপাতালের প্রসূতি, ডেঙ্গু ও হাম ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসাসেবা পেতে কোনও ধরনের হয়রানি হচ্ছে কি না, তা জানতে চান। হাসপাতালের খাবারের মান যাচাইয়ের পাশাপাশি শৌচাগারগুলোর অবস্থাও দেখেন তিনি।

দুপুর ২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এখানে অনেক ডাক্তারকে অনুপস্থিত পেয়েছি। রোস্টার ডিউটি শিট মিলিয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কিছু চিকিৎসক ১০টা বা পৌনে ১১টায় এসেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে ডেঙ্গু ওয়ার্ডের মশারি ও সার্বিক পরিবেশ তুলনামূলক ভালো পেয়েছি।’

গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। সেটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালের বাইরে সিটি করপোরেশনের ভাগাড়ে হাসপাতালের মেয়াদ থাকা চিকিৎসাসামগ্রী পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তবে এ ঘটনায় তদন্ত কমিটি করার কথা জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন। চিকিৎসাসামগ্রী পড়ে থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ময়লার ভাগাড়ে বাটারফ্লাই, ইনজেকশন, সিরিঞ্জ ও ক্যানুলা পাওয়ার বিষয়টি নিয়ে ডিরেক্টর (পরিচালক) সাহেবকে তদন্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। যদি কোনও দুর্নীতি বা গাফিলতি পাওয়া যায়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শিশু ওয়ার্ডের আইসিইউ ও জনবল–সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ঢাকায় ফিরে আগামী সপ্তাহের মধ্যেই ফুলপুর ও এই হাসপাতালে (ময়মনসিংহ মেডিকেল) চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল–সংকট দূর করার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফুলপুর ও তারাকান্দাকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হবে, যেখানে ডায়ালাইসিস, ফিজিওথেরাপি এবং মাতৃসেবা ও শিশুদের জন্য পৃথক বিছানার ব্যবস্থা থাকবে।’ তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর সেবা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

বেসরকারি ক্লিনিক ও দালাল চক্র প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন কোনো অবৈধ ক্লিনিক অনুমোদন দেওয়া হবে না এবং বিদ্যমান ক্লিনিকগুলোর কমপ্লায়েন্স ও লেবার রুমের ব্যবস্থা মনিটরিং করা হবে। দালাল চক্রের অপতৎপরতা রোধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের চিকিৎসায় বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু
একদিনে ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ, হাসপাতালে ১৮৯৮
গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে
জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে
শাহজালাল মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা, বিদেশি মুদ্রা কত পেলো?
শাহজালাল মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা, বিদেশি মুদ্রা কত পেলো?
সীমান্তে ধান কাটতে বাধা, বিএসএফকে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর ধাওয়া
সীমান্তে ধান কাটতে বাধা, বিএসএফকে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর ধাওয়া
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ
সর্বাধিক পঠিত
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা