নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৯)। এ ঘটনায় ভুক্তভোগীর মামলার ভিত্তিতে প্রেমিকসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মামলার পর রবিবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী তরুণী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা। গ্রেফতার ব্যক্তিরা হলো কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২২), রুস্তম আলীর ছেলে হারুনুর রশিদ (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)। তারা পেশায় ভ্যানচালক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্যমতে, কাশিপুর গ্রামের বিল্লালের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় তরুণীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে শনিবার প্রেমিকের সঙ্গে দেখা করতে ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে প্রেমিক বিল্লাল তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানে বিল্লাল তার দুই বন্ধু হারুন ও রুবেলকে ডেকে আনে। এরপর তিনজনে তরুণীকে ধর্ষণ করে সেখানে রেখে চলে যায়।
ঘটনার পর রাতেই কেন্দুয়া থানায় বিল্লালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করে পুলিশ। রবিবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, ‘ভুক্তভোগী তরুণী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত বিল্লাল, হারুন ও রুবেল পেশায় ভ্যানচালক।’