নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে ‘সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল এরা অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্যানোরামা ভবনে সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়। খবর বাসস।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। এতে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার মো. সানোয়ার হোসাইন।
মূল প্রবন্ধে ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তার গুরুত্ব, তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে সাইবার হুমকি ও ঝুঁকি মোকাবিলা, তথ্যের সুরক্ষা এবং সাইবার সিকিউরিটি খাতে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের সম্ভাবনা ও প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ এবং সাইবার সিকিউরিটি খাতে উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ সম্পর্কে সম্যক ধারণা দিতেই এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ১৪০ জন এবং আইন ও বিচার বিভাগের ৩০ জন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।