নরসিংদীর পলাশ উপজেলায় শিশু সন্তানকে হত্যার দায়ে মা ও তার কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১টার দিকে জেলা অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, ছানা উল্লাহ’র (৬) মা জাহানারা আক্তার ওরফে গুলু ও তার কথিত প্রেমিক গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকার মো. হানিফ শেখ। এছাড়া তাদেরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ছানা উল্লাহ’র বাবা ট্রাক্টরচালক চারু মিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে পলাশ উপজেলার ঘোড়াশাল উত্তর চরপাড়া পোস্ট অফিস সড়কে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকার মো. হানিফ শেখের সঙ্গে তার পরিচয় হয়। বাড়িতে আসা-যাওয়ার একপর্যায়ে হানিফের সঙ্গে স্ত্রী জাহানারার ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে হানিফকে বাড়ি আসতে নিষেধ করেন চারু। এতে হানিফ ক্ষিপ্ত হয়ে চারু মিয়াকে মারপিট করে ঘোড়াশাল ছাড়া করবেন বলে হুমকি দেন। এর পরপরই ২০১১ সালের ৫ অক্টোবর চারুর ছেলে ছানা উল্লাহ পার্শ্ববর্তী খোকা বাবুর বাড়িতে দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ঘটনার পরদিন বাবা চারু মিয়া বাদী হয়ে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৮ অক্টোবর উত্তরচর পাড়া এলাকার ইসমাইল মীরের পরিত্যক্ত দেয়াল ঘেরা জঙ্গলের ভেতর থেকে ছানা উল্লাহর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্ত্রী জাহানারা ও তার কথিত প্রেমিক মো. হানিফ শেখের প্রতি সন্দেহ হয় চারু মিয়ার। বিষয়টি পুলিশকে জানালে তাদের গ্রেফতার করলে হত্যার বিষয়টি স্বীকার করেন। আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ আদেশ দেন আদালত।
অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এম.এ.এন অলিউল্লাহ বলেন, আসামিরা ইচ্ছা করলে আদেশের সাত কার্যদিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
আরও পড়ুন:
বাহুবলে চার শিশু হত্যা: চার্জশিট গ্রহণ করেননি আদালত
/বিটি/








