নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় একটি স্বর্ণের দোকান থেকে প্রায় কোটি টাকার অলঙ্কারসহ বিপুল অংকের নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের কোনও এক সময়ে বাজারের স্বর্ণপট্টি অংশে ৮৫ নম্বর এসি ধর রোডে অবস্থিত হীরা জুয়েলার্স নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকাসহ ৫০ হাজার টাকার প্রাইজবন্ড খোয়া গেছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক রতন দেবনাথ।
সদর মডেল থানার ওসি আব্দুল মালেক জানান, অভিযোগ পাওয়ার পর সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে আলামত সংগ্রহ করেছে।
রতন দেবনাথের চাচাতো ভাই দিপু দেবনাথ জানান, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মালিক রতন দেবনাথ হীরা জুয়েলার্সের দোকানে ছিলেন। হীরা জুয়েলার্সের পাশের লাগোয়া দোকানটি সুকুমার কর্মকারের ঘড়ি মেরামতের দোকান। তার কর্মচারী গোপাল রায়। এই দুই ব্যক্তি শুক্রবার দুপুর পর্যন্ত নিজেদের দোকানে ছিলেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপাল রায় ঘড়ির দোকানটি খুলতে এসে দেখতে পান একটি শাটারের তালা খুলছে না। রাত থেকে ভোরের কোনও এক সময়ে দুর্বৃত্তরা ঘড়ির দোকানের তালা অকেজো করে শাটার তুলে দেয়াল ভেঙে পাশের হীরা জুয়েলার্সে ঢুকে লুণ্ঠন চালায়। এরপর ঘড়ির দোকানের শাটার আবার লাগিয়ে অন্য তালা আটকে দিয়ে চলে যায়।
গোপাল রায় পরে অন্য একটি শাটারের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পান ভেতরে হীরা জুয়েলার্সের দিকের দেয়ালটি ভাঙা। পরে গোপাল হীরা জুয়েলার্সের মালিক রতন দেবনাথকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে এসে এ অবস্থা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে র্যাব, ডিবি পুলিশ ও বিকেল সাড়ে ৫টা নাগাদ সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
দিপু দেবনাথ আরও জানান, দুর্বৃত্তরা হীরা জুয়েলার্সে স্থাপিত সিসি ক্যামেরা ঘুরিয়ে রাখে এবং এছাড়া সিসি ক্যামেরার ডিস্কটি খুলে নিয়ে যায়। নিরাপত্তা প্রহরীসহ তিন পুলিশ কনস্টেবল শুক্রবার রাতে ওই এলাকার প্রহরায় ছিলেন। এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরায় শনিবার ভোর ৪টা পর্যন্ত দেখা গেলেও শনাক্ত করা যায়নি দুর্বৃত্তদের কাউকে। ওসি জানান, দুর্বৃত্তদের শনাক্ত ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারের চেষ্টা চলছে।
/ এইচকে/এমপি/








