নীলফামারীর বিভিন্ন উপজেলায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে চার জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থানে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের বজলুর রহমান ওরফে বজলু (৩২), একই ইউনিয়নের গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকার তরিকুল ইসলাম (২৬), ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের সাইফুর রহমান (৩৫) এবং জেলার ডিমলা উপজেলার সোনাখুলি চাপানীহাট এলাকার কারী মো. মীর কাশেম (৩০)।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে নীলফামারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের আদালতে তাদের হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়।
নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, আটককৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য। এদের মধ্যে তরিকুল ইসলাম গত বছরের ৯ আগস্ট জলঢাকার উপজেলার গোলমুন্ডা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাধব চন্দ্র হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আরও পড়ুন: তনুর প্রথম ময়নাতদন্তে তথ্য ভুল ছিল: শিল্পমন্ত্রী
/টিএন/আপ-এমও







