নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রাঘাতে স্বামী, স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার মুছাপুরের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ সাইদুল হক (৩৫), তার স্ত্রী লাইজু বেগম (২৫) এবং সন্তান হিমেল (২) নিহত হন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে রাব্বী বজ্রাঘাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর পৌনে ২টার মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বজ্রাঘাতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজনসহ স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।
মুছাপুর ইউপির চেয়ারম্যান শাহীন চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের সাইদুল তার স্ত্রী ও শিশুকে নিয়ে মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তিনি মোটরসাইকেল থামিয়ে পাশের দোকানে দাঁড়ানোর মুহূর্তে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়।
আরও পড়ুন: শিশু রবিউল হত্যা মামলায় আসামি মিরাজের মৃত্যুদণ্ড
/এমও/








