আইপিএল জয় করে নিজের গ্রামে ফিরলেন মুস্তাফিজ। এর আগে মঙ্গলবার বিকেলে শ্যামনগর উপজেরার কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে টর্নেডো। দমকা হাওয়া বইছে। যেকোনও মুহূর্তে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। এলাকার রাস্তা সুনসান। গ্রামের মানুষ সাধারণত একটু সন্ধ্যা হতেই ঘুমিয়ে পড়েন, এটাই তাদের চিরকালের অভ্যাস। কিন্তু আজ কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মানুষের চোখে ঘুম নেই।
কেন ঘুম নেই, সেটি সবার জানা। গ্রামের ছেলে মুস্তাফিজ আইপিএল জয় করে বাড়ি ফিরবেন। কখন ফিরবেন, সে অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন তার মা-বাবা, ভাই-ভাবিসহ আত্মীয় স্বজন ও অগণিত ভক্ত। কখন ঘরে ফিরবেন তাদের আদরের দুলাল। অপেক্ষার প্রহর গুনতে-গুনতে চলে এলো ক্ষণ। ঘড়ির কাঁটায় রাত ঠিক ১০টা বেজে ৫০ মিনিট। নিজের আঙিনায় পৌঁছুলেন কাটার মাস্টারখ্যাত মুস্তাফিজ। বাড়ির ভেতর ঢুকেই মায়ের কাছে জিজ্ঞাসা, কেমন আছ মা? একে একে মেজো ভাবি সেজো ভাবির সঙ্গে কুশল বিনিময়। মুস্তাফিজ ছোটদের প্রতি সবসময় একটু দুর্বল। মেজো ভাইয়ের দুই বছরের ছেলে জিসান মাহমুদকে আদর করতে করতে চলে গেলেন দোতলায়।
মুস্তাফিজের বাড়ির উঠোনে তখন হাজার হাজার ভক্তের ভিড়। তারা অপলক তাকিয়ে রইলেন গ্রামের গৌরব সেদিনের ছোট্ট মুস্তাফিজের দিকে। মনে হলো ভক্ত ও স্বজনদের দেখা পেয়ে যেন দীর্ঘ পথের ক্লান্তি ভুলে গেছেন মুস্তাফিজ।
আরও পড়তে পারেন: বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের ষড়যন্ত্র চলছে: আইজিপি
/এইচকে/এমএনএইচ/








