রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামে চুমকি (৯) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ৪ দিন পর শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াদ নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ। রিয়াদ শিশুটিকে ধর্ষন করে হত্যা করে লাশ তার ঘরের মধ্যে খাটের নীচে গর্ত করে লুকিয়ে রেখেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায় পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের শাহাজাহান আলীর মেয়ে চুমকি (৯)মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলো। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজের পরও সন্ধান না পাওয়ায় এ ব্যাপারে পীরগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন তার বাবা। বৃহস্পতিবার রাত পর্যন্ত পীরগঞ্জ উপজেলা সদরসহ পার্শ্ববর্তী এলাকায় নিখোঁজ চুমকির সন্ধান চেয়ে মাইকিং করেন তার স্বজনরা।
এদিকে শুক্রবার সকালে একই গ্রামের প্রভাবশালী মোমেন প্রধানের বাড়িতে ঘরের ভেতরে একটি লাশ পুঁতে রাখা আছে বলে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোমেন প্রধানের ছেলে রিয়াদের ঘরে তল্লাশী করে খাটের নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশু চুমকির লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিয়াদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
নিহত শিশু চুমকির বাবা শাহাজাহান মিয়া জানান, মঙ্গলবার থেকে তার মেয়ে চুমকি নিখোঁজ হওয়ার পর তার সন্ধানে যখন এলাকাবাসীসহ স্বজনরা পাগলের মতো সন্ধান করছেন তখন রিয়াদের বাবা মোমেন প্রধান তার ভাতিজা স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও স্থানীয় এক সাংবাদিক তার কাছে এ ব্যাপারে আপস মীমাংসা করার জন্য চাপ দিতে থাকে। কিন্তু তিনি মেয়ের সন্ধান না পেলে কোনও ধরনের আলোচনা করতে রাজি নন বলে জানান।
ওসি জানান, মঙ্গলবার শিশু চুমকিকে রিয়াদ বাসায় ডেকে এনে তার ঘরে নিয়ে এসে উপর্যুপরি ধর্ষণ করে। এতে শিশুটির মৃত্যু ঘটে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় রিয়াদকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুমকিকে হত্যার করার কথা স্বীকার করেছে। ওসি জানান শিশুটির লাশ ময়নাতদন্তের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আজ বিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
/এইচকে/
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে অশ্লীল ছবি যুক্ত করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার ২








